
চাঁদপুর খবর রিপোট : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দী গ্রামের বসতবাড়ির উঠানে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকার চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা গাড়িটি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গাড়িটির আনুমানিক মূল্য ১২ লাখ ২০ হাজার টাকা।
এই ঘটনায় গাড়ির মালিক চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হামানকর্মি এলাকার গফুর মাস্টার খান বাড়ির বাসিন্দা মো. জোবায়ের খান (২৭) চাঁদপুর সদর মডেল থানায় চুরির মামলা দায়ের করেন । মামলা নং ১১২, তারিখ : ২৬-১১-২০২৬খ্রি.। এখন পযন্ত গাড়ীটি উদ্ধার করতে পারেনি মডেল থানার পুলিশ ।
অভিযোগ সূত্রে জানা যায়, জোবায়ের খান পেশায় একজন গাড়িচালক। গত ১ অক্টোবর ২০২৬ তারিখে তিনি ঢাকা মেট্রো-গ-২৭-৫৫১৮ নম্বরের সাদা রঙের একটি টয়োটা এক্স করোলা প্রাইভেটকার ১২ লাখ ২০ হাজার টাকা দিয়ে কিনে ভাড়ায় চালিয়ে আসছিলেন। প্রতিদিনের মতো গত ২৫ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে তিনি গাড়িটি নিজ বাড়ির উঠানে পার্কিং করে লক করে রাখেন। পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৬ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে উঠানে গিয়ে দেখেন, গাড়িটি সেখানে নেই। তাঁর ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা গাড়ির লক খুলে সেটি চুরি করে নিয়ে গেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গাড়িটি উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, গাড়িটি চাঁদপুর জেলা কারাগারের দিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে গাড়িটির সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর সদর মডেল থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এদিকে দৈনিক চাঁদপুর খবরের পক্ষ থেকে বিষয়টি চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদকে ফোনে জানানো হলে তিনি দ্রুত গাড়িটি উদ্ধারে পুলিশকে নির্দেশ দেন। মামলাটির তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়িটি উদ্ধারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে গাড়ির মালিক জোবায়ের খানের অভিযোগ, গাড়ি চুরির পর একটি প্রতারক চক্র মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে গাড়িটি তাদের কাছে রয়েছে বলে দাবি করছে। গাড়ি ফেরত দেওয়ার কথা বলে তারা তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে। এতে তিনি আরও হয়রানি ও উদ্বেগের মধ্যে পড়েছেন।
গাড়িটি দ্রুত উদ্ধার এবং মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে টাকা দাবি করা চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চাঁদপুরের পুলিশ সুপার, মডেল থানার ওসি ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জোবায়ের খান।



