এবার গাজী মাঈনুদ্দিনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির ঘোষণা

স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের পরে এবার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহে তিনি অব্যাহতি দিবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) হাজীগঞ্জ বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমন ঘোষণা দেন।

সমাবেশে বিএনপির ও জামায়াতের হরতাল, অবরোধ ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে গাজী মাঈনুদ্দিন বলেন, অবরোধের নামে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে দেশ ও জাতীর সম্পদ বিনষ্ট এবং পুলিশসহ সাধারণ মানুষকে হত্যা করছে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে তিনি আরো বলেন, আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশ গ্রহণ করবো। তার জন্য আগামী রোববার বা সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে আমার অব্যাহতি জমা দিয়ে আসবো। আপনারা দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ট করবেন।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সমপ্রতি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। এরপর জেলার দ্বিতীয় ব্যাক্তি হিসেবে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির ঘোষণা দিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন।

 

সম্পর্কিত খবর