চাঁদপুরে একদিনের রিমান্ডে হাজী মোশারফসহ বিএনপির ৬ নেতা

ইব্রাহিম খান : সরকার বিরোধী চলমান অবরোধ কর্মসূচিতে বাগাদী চৌরাস্তার ঘটনার মামলায় চাঁদপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেনসহ ৬ নেতাকর্মির একদিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুর সদর জিজ্ঞাসাবাদের এই রিমান্ডের আদেশ দেন।

চাঁদপুর সদর কোর্ট পুলিশের এসআই কামাল উদ্দিন জানান,সদর মামলা নং-১৩৭, জিআর ৭৮২/২৩ আটক ৬ আসামিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বাগাদী চৌরাস্তার ঘটনায় রিমান্ড চাওয়া হয়।

রিমান্ড শুনানি শেষে আদালত বিএনপি নেতা হাজী মোশারফ হোসেন ও লিটন পাঠানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও রাসেল পাটোয়ারী ওরফে চান মিয়া, শাহরিয়ান,কাশেম পাটোয়ারী, সেলিম বেপারী এই চারজনকে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এডভোকেট সেলিম আকবর, এডভোকেট শামসুল ইসলাম মন্টু, এডভোকেট জহির উদ্দিন বাবর, এডভোকেট মনিরা চৌধুরীসহ অন্যরা।

এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহজাহান উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপি নেতা মোশারফের আত্মীয়-স্বজন এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর