
মো:মহসিন হোসাইন : বিএনপি জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ডাকা গত দুই দফা অবরোধ শেষে গতকাল ৩য় দফা অবরোধের প্রথম দিনেও চাঁদপুরে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচী পালিত হয়েছে।
৩য় দফার অবরোধের প্রথম দিনে গতাকাল শহরের কোথাও তেমন কোনো সহিংসতা বা হতাহতের ঘটনা ঘটতে দেখা যায় নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুবই তৎপর ছিলেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অবরোধ পালিত হয়েছে। এছাড়া দূর পাল্লার কোনো যানবাহন চলাচল না করতে দেখা যায়নি।তবে শহরের মধ্যে ছোটখাটো যানবাহন গুলোর চলাচল ছিল স্বাভাবিক।
এছাড়া, অবরোধ চলাকালে চাঁদপুর জেলা পুলিশ ও মডেল থানা পুলিশের কঠোর নিরাপত্তার সাথে মাঠে ছিল বিজিবি সদস্যরা এবং আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকাল থেকেই শহরের বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট ও রেল স্টেশন গিয়ে দেখা গেছে সবকিছুই ছিল আগের মতোই স্বাভাবিক। শহরের সড়কগুলোতে ছিল আগের মতোই রিক্সা, অটোরিকশা ও সি এন জি সহ ছোটখাটো যানবাহন গুলো।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোও খোলা ছিল । তবে সামনে ফাইনাল পরীক্ষা ও ভর্তি ফর্ম নেওয়াকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদেরকে বিদ্যালয় মুখী হতে দেখা গেছে বেশ ভালোই।
এদিকে ভোর থেকেই বাবুরহাট এরিয়া সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো শপথ চত্বর, কালিবাড়ী, চিত্র লেখা মোড়, ছায়াবনী, মিশন রোড়, বাস স্ট্যান্ড, কোর্ট প্রাঙ্গণ এরিয়া, ওয়ার্লেস বাজার এবং বাবুরহাট বাজারে গতকাল সকাল থেকেই পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল কড়া নিরাপত্তার মধ্যে। এছাড়াও চাঁদপুর শহরে জেলা আওয়ামীলীগ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানে।
তবে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা থাকায় চাঁদপুর শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



