
স্বপন কর্মকার মিঠুনঃ শাহরাস্তি উপজেলার মেহার কালিবাড়ি মাঠে ইসলামি ফ্রন্ট বাংলাদেশ এর আয়োজনে জনস়ভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিতে গিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান জাতীয় নেতা পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, স্বাধীনতার ৫২ বছর অতিক্রান্ত হলেও এদেশে এখনও একটি টেকসই নির্বাচনী ব্যবস্থা গড়ে উঠেনি।
যা নিতান্তই লজ্জাজনক। নির্বাচনের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক ফর্মুলা একটি আপদকালীন ব্যবস্থাপনা। একমাত্র প্রভাবমুক্ত একটি স্বাধীন নির্বাচন কমিশনই অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে। দেশের অভ্যন্তরীন রাজনীতিতে বিদেশিদের দৌড়ঝাপ তথা অযাচিত হস্তক্ষেপ কুটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বিদেশিরা কখনও ক্ষমতা আনয়নের অবলম্বন হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাআত ও হেফাজতিরা এখন কৌশল পরিবর্তন করে রাষ্ট্রীয় নীতি নির্ধারক হতে মরিয়া হয়ে উঠেছে৷
এদের অপকৌশলের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। অর্থ পাচারকারীরা দেশ-জাতির শত্রু, এদের চিহ্নিত পূর্বক তাদের নাম জনসম্মুখে প্রকাশ করে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়া নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক পর্যায়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিবাচক ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ফিলিস্তিনে দখলদার ইসরাইলের নৃশংসতা-নিষ্ঠুরতায় গোটা ফিলিস্তিন এখন বধ্যভূমিতে পরিণত হয়েছে। সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ পৃষ্টপোষকতায় ইসরাইলী বাহিনী গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। গাজায় এখন মানবিক বিপর্যয় ঘটেছে।
এহেন অবস্থার পরিবর্তন না হলে গোটা মধ্যপ্রাচ্যের অস্থিত্বই সংকটাপন্ন হয়ে পড়বে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা এবং মসজিদুল আকসার দখলমুক্তিই একমাত্র এহেন নেতিবাচক অবস্থার অবসান ঘটাতে পারে। তিনি বিপন্ন ফিলিস্তিনি জনগণের পাশে ইতিবাচক সহযোগিতার হস্ত প্রসারিত করে এগিয়ে আসার জন্য বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র সমূহের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
দলের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- রাজনীতি একটি সেবামূলক কাজ বটে। কিন্তু বাংলাদেশ এর প্রেক্ষাপটে বর্তমান রাজনীতি এখন ভিন্ন চেহারায় দৃশ্যমান। রাজনীতির প্রতি সাধারণ মানুষ ত্যক্ত-বিরক্ত।
রাজনীতির প্রতি তরুণ-যুবক শ্রেণীর নিকট অতীতে যে আগ্রহ পরিলক্ষিত হতো, সাম্প্রতিক সময়ে সে ধারায় ছন্দপতন ঘটেছে। অবাঞ্ছিত রাজনৈতিক বিভাজন গণতান্ত্রিক সংস্কৃতিকে গিলে খেয়েছে। প্রতিষ্ঠা পেয়েছে আত্মপ্রচার সংস্কৃতি, অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী মানসিকতা, আদর্শহীনতা ও দুর্বৃত্তায়ন।
জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে কালো টাকার দৌরাত্ন্য। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির অধিকতর চর্চা হওয়ার কারণে জনমতের প্রতিফলনে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। যা জাতি হিসেবে আমাদের জন্য মোটেও সুখের বিষয় নয়। অতএব রাজনীতিতে সুস্থধারা ফিরিয়ে আনতে হলে ইসলামী আদর্শের প্রকৃত চর্চা ও অনুসরণের কোন বিকল্প নেই।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলার উদ্যোগে ২৮ অক্টোবর শনিবার বিকেল ২টায় মেহের কালিবাড়ী মাঠে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জনসভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা ইসলামি ফ্রন্ট সভাপতি মাস্টার হেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ভাইস চেয়ারম্যান ডা. আল্লামা হুজ্জাতুল্লা নকশবন্দি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যুগ্ম মহাসচিব জননেতা আল্লামা মোশারফ হোসেন হেলালী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যুগ্ম মহাসচিব স. ম হামেদ। শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক- আল্লামা মুহাম্মদ মনির হোসাইন, ইসলামী ছাত্রসেনা’র সভাপতি ছাত্রনেতা এডভোকেট মুহাম্মদ ফরিদ মজুমদার।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা সভাপতি মাষ্টার হেলাল আহমেদের সভাপতিত্বে এবং এডভোকেট মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী ও মাওলানা মুহাম্মদ ইউসুফ হাসান মাহমুদী’র যৌথ সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মফিজুল ইসলাম, আল্লামা মুফতি মুহাম্মদ আবুল হাশেম মিয়াজি, মাষ্টার মুহাম্মদ মোহতাসিম বিল্লাহ, মাষ্টার মুহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ জাকির হোসেন মিয়াজি, মুহাম্মদ হাসান মজুমদার, মাওলানা মুহাম্মদ আলী নকশবন্দি, মমতাজ আরেফিন হেলালী, মো: দেলোয়ার হোসেন প্রমূখ ।



