মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ভস্মিভূত তিন দোকান

মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার শান্তিনগর বাজারে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে তিনটি দোকান। বুধবার (২৫ অক্টোবর) গভীর রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেন ফায়ার সার্ভিসের কর্তারা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ওই বাজারের পাশে বসবাসকারী মনু মিয়া রাত অনুমানিক দুইটায় প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পায়। বাজারের দোকানে আগুন লাগার বিষয়টি তিনি চিৎকার করে আশেপাশের মানুষকে জাগিয়ে তুলেন এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকা বাসিকে আগুন নেভানোর জন্য এগিয়ে আসতে বলা হয়। স্থানীয় লোকজন ও মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে আসার পূর্বেই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মনু মিয়া বলেন, আগুনে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর কারণে আরো বহু দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

বাজারের ব্যবসায়ীরা বলেন, অগ্নিকাণ্ডে মুদি ব্যাবসায়ী আক্কাস কবিরাজের পাঁচ লক্ষ টাকা, চায়ের দোকানদার দুদু বেপারীর চার লাখ টাকা ও মুদি ব্যবসায়ী শংকর সুত্রধরের সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আগুনের লেলিহান শিখার তাপে কাপড় ব্যবসায়ী সুজন সুত্রধরের প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েই একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাজারটি রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহারের কারণেই বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সম্পর্কিত খবর