
স্টাফ রিপোর্টার : ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক গৃহীত “সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ” শীর্ষক কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে।
তাদের মধ্যে মোঃ মুজাহিদুল ইসলাম (আইন বিভাগ), ফাহিমা আক্তার (পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ), মাসুম বিল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ) ও নুরুন্নাহার নবনী (ইতিহাস বিভাগ) বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাইহানা রহমান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) ও ইমাম হাসান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
“সমাজ পরিবর্তনে শিক্ষার্থী” এই নীতিবাক্যকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা থেকেই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন প্রতি বছর শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পাঠিয়ে থাকে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করেন।
মাদক নির্মূল, কিশোর গ্যাঙের দৌরাত্ম্য ও মাত্রাতিরিক্ত মোবাইল আসক্তিতে সচেতনতা নিয়ে বক্তব্য দেন মোঃ মুজাহিদুল ইসলাম। বাল্যবিবাহের বিরুদ্ধে বক্তব্য দেন ফাহিমা আক্তার ও রাইহানা রহমান। জঙ্গীবাদ ও উগ্রবাদ নিয়ে সচেতনতায় বক্তব্য দেন মাসুম বিল্লাহ।
কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ ও ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা আলেয়া বেগম।



