চাঁদপুরে সরকারি খাস সম্পত্তিতে অবৈধ পন্থায় মার্কেট নির্মাণ !

চাঁদপুর সদর পৌরসভার ১ নং ওয়ার্ড পুরান বাজার তামাক পট্টি সরকারি খাস সম্পত্তির জায়গায় অবৈধভাবে ফাউন্ডেশন নিয়ে মার্কেট নির্মাণ করছে কামরুল ইসলাম নামে জনৈক ব্যক্তি।

ক্ষমতার প্রভাব খাটিয়ে পেশি শক্তি ব্যবহার করে প্রকাশ্য দিবালোকে এভাবে রড ইট পাথর দিয়ে মার্কেট নির্মাণ করায় জনগণের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর পৌরসভার ১ নং খাস খতিয়ানের সরকারি জায়গায় পূর্বে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি লিজ নিয়ে জনতা মিষ্টি দোকান দিয়ে ব্যবসা করে। পরবর্তীতে সেই দোকানটি প্রায় ২৫ বছর যুবরাজ সাহার কাছে ভাড়া দেয়। ভাড়াটিয়া থাকা অবস্থায় গিয়াস উদ্দিন সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে গোপনে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প এর মাধ্যমে ৩৫ লক্ষ টাকায় কামরুল ইসলামের কাছে বিক্রি করে।

এই ঘটনাটি পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ খান ডেঙ্গু চাঁদপুর জেলা প্রশাসককে লিখিত পত্রের মাধ্যমে অবগত করেন। পরবর্তীতে এই ঘটনাটি তদন্ত করার জন্য চাঁদপুর ভূমি নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। অবৈধভাবে সরকারি জায়গা বিক্রি করার ঘটনাটি সততা প্রমান পেয়ে সরকার বাদী হয়ে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করে এবং সেই দোকানটি সিলগালা করে দিয়ে আসেন। সেই মামলায় গিয়াস উদ্দিন তিন মাস জেল খাটার পর জামিন পেয়ে বেরিয়ে আসে।

সেই জায়গাটি সরকারের কাছ থেকে লিজ নেওয়ার জন্য প্রথম দরখাস্তকারী হিসেবে পুরান বাজারের ব্যবসায়ী আব্দুল মজিদ খান ও তৎকালীন পৌর প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ডালি আবেদন করেন।

আবেদনটি তৎকালীন ভূমি কর্মকর্তা মাহবুবুল হক গনি তদন্ত সাপেক্ষে পৌর প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালির আবেদন খারিজ করে আব্দুল মজিদ খান ডেঙ্গুকে দেওয়া যেতে পারে বলে সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেই জায়গাটি দিতে ঘরিমসি করায় আব্দুল মজিদ খান ডেঙ্গু মহামান্য হাইকোটে শরণাপন্ন হয়ে রুল জারি করেন।

মহামান্য হাইকোর্ট এক মাসের মধ্যে সরকারি জায়গাটি লিজ প্রদান করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করে।
কিন্তু জেলা প্রশাসক বিগত ৩ বছর রুলের জবাব না দিয়ে অবৈধ পন্থায় গিয়াস উদ্দিনের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে জমি ক্রয় করা কামরুল ইসলামকে এক বছরের লিজ প্রদান করে।

লীজের প্রথম দরখাস্তকারী আব্দুল মজিদ খান ডেঙ্গুকে লীজ না দিয়ে কামরুল ইসলামকে দেওয়ার কারণে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী এক বছরের লিজ যাদেরকে দেওয়া হয় সেই ক্ষেত্রে লীজ প্রাপ্তি ব্যক্তিরা কোন অবস্থাতেই সেখানে স্থায়ী ভবন নির্মাণ করার কোন সুযোগ নেই। কিন্তু সেই কামরুল ইসলাম কিভাবে সরকারি জায়গার উপরে পুরাতন দোকানটি ভেঙ্গে বিক্রি করে সেখানে নতুন করে ফাউন্ডেশন নিয়ে বহুতল ভবন নির্মাণ করার কাজ চালিয়ে যাচ্ছে।
খুব দ্রুতগতিতে এই কামরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান ভুক্তভোগীরা।

পুরান বাজারের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে জানান, চাঁদপুর পৌর ভূমি কর্মকর্তা আব্দুল লতিফের যোগসাজস্যে কামরুল ইসলাম অবৈধভাবে ফাউন্ডেশন নিয়ে এই মার্কেটে নির্মাণ করছে। একজন সরকারি কর্মকর্তা কিভাবে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করে টাকার বিনিময়ে অন্যকে সরকারি জায়গায় ভবন নির্মাণের নির্দেশ দিয়েছে।

সরকারি জায়গায় ভবন নির্মাণের খবর শুনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কয়জন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে কামরুল ইসলাম কে দাঁড়িয়ে থেকে ইট বালু ও রড দিয়ে পিলার উঠিয়ে ভবনের কাজ করছে দেখতে পায়।

এ সময় কামরুল ইসলাম এর কাছে এই বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন পৌর ভূমি কর্মকর্তা ও জেলা প্রশাসকের রাজস্ব শাখার মিজানুর রহমান জায়গাটি লীজ করে দেওয়ার জন্য সহযোগিতা করেন। তাদের নির্দেশেই পুরাতন দোকানটি ভেঙ্গে সেখানে নতুনভাবে কাজ করা হচ্ছে।

সরকারি খাস সম্পত্তির জায়গা লীজ পাওয়ার বিষয়ে কাগজপত্র দেখাতে চাইলে তিনি পৌর ভূমি কর্মকর্তা আব্দুল লতিফকে ফোন করে জানান। কিন্তু কোন ধরনের কাগজপত্র না দেখিয়ে তালবাহানা শুরু করে।

এদিকে এক বছরের লিজ পেলেও কিভাবে ফাউন্ডেশন নিয়ে ভবন নির্মাণের কাজ করছে এই ঘটনাটি তদন্ত টিম গঠন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।

সম্পর্কিত খবর