
ইব্রাহিম খান : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব -১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনূর্ধ্ব -১৭ এর জেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের এই খেলা দেখে আমরাও উদ্বুদ্ধ হচ্ছি।আমাদের এই খেলা গুলোর মধ্যে দিয়ে সামাজিক ব্যাধি গুলো দূর করা সম্ভব।
এছাড়াও এই খেলার মধ্যে দিয়ে আমাদের নতুন প্রজন্ম নেতৃত্ব দিতে শিখে।তারা মাদক ইভটিজিং থেকে দূরে থাকবে। এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে জানতে পারবে।এবং সেই আদর্শ নিয়ে নিজেদের গড়ে তোলতে পারবে।
চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম,চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
খেলায় বালক দলে অংশ নেয় চাঁদপুর পৌরসভা বনাম হাজীগঞ্জ। এতে নির্দিষ্ট সময়ে উভয়ই ১-১ গোল করে। পরে ট্রাইবেকারে চাঁদপুর পৌরসভা হাজীগঞ্জ উপজেলাকে ৭-৬ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।অন্যদিকে বালিকা দলে চাঁদপুর পৌরসভা মতলব দক্ষিণকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।



