
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২অক্টোবর (বৃহস্পতিবার) চাঁদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের সকল অফিসারদের সাথে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে উপস্থিত সকলের মতামত শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা প্রদান করেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সে লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পূজা পূর্ববর্তী-পরবর্তী ও পূজা চলাকালীন করণীয় বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, এ বছর চাঁদপুর জেলায় ২শ ২৪ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। ইতোপূর্বে চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে জেলা পুলিশের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মন্ডপে একজন করে পুলিশ অফিসার সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স ও আনসার সদস্য মোতয়েন করা হবে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট, সার্বক্ষনিক মোবাইল টিম ও সাদা পোষাকে পুলিশের গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেছেন।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



