মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলায় গতকাল বুধবার বিকেল ৩টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত ২২ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ওই দুই শিশু হচ্ছেন তাসরিফ হোসেন (২) ও মো. জুনায়েদ (৭)। তাসরিফ উপজেলার পশ্চিম বাইশপুর গ্রামের তাজুল ইসলামের এবং মো. জুনায়েদ উপজেলার মোবারকদি গ্রামের মো. মাঈন উদ্দিনের ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, গতকাল বিকেল ৩ টায় পশ্চিম বাইশপুর গ্রামের তাসরিফ হোসেন (২) বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। খেলতে খেলতে সবার অলক্ষে সে ওই পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকেরা ওই পুকুরে তার ভাসমান নিস্তেজ দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রটি জানায়, গতকাল দুপুর একটায় উপজেলার মোবারকদি গ্রামের মো. জুনায়েদ (৭) বাড়ির পাশে খালপাড়ে খেলা করছিল। এ সময় তার অসুস্থ মা বসতঘরে অবস্থান করছিলেন। খেলতে খেলতে একপর্যায়ে ওই শিশু খালের পানিতে ডুবে যায়। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর স্বজনেরা ওই খালের পানিতে শিশুটির ভাসমান দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. জুনায়েদের চাচা মো. সালাউদ্দিন বলেন, জুনায়েদের বাবা থাকেন ঢাকায়। মা অসুস্থ। বেশিরভাগ সময় ঘরেই থাকেন। এ কারণে তাঁর ভাতিজার দিকে খেয়াল রাখতে পারেননি। পরিবারের অসাবধানতার জন্য অকালেই তাঁর ভাতিজাকে হারাতে হয়েছে।এ ধরনের মৃত্যু মেনে নেওয়া কঠিন।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক সালেহ আহম্মেদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।



