
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর শহরের পুরান আদালত পাড়া ও শহীদ মিনারসংলগ্ন আলোচিত ‘লেংটা বাড়ি’ এলাকার রেলওয়ের জায়গায় গড়ে ওঠা স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) তাঁরা নিজ নিজ উদ্যোগে এসব স্থাপনা সরিয়ে নেন।
শহীদ মিনারের পেছনে পুরান আদালত পাড়া এলাকায় লেংটা খোকনের বাড়ির কাছাকাছি রেলওয়ের জায়গায় গড়ে ওঠা এসব স্থাপনা দীর্ঘদিন ধরে নানা কারণে আলোচনায় ছিল। এলাকাটিতে মাদক ব্যবসা, মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল স্থানীয়দের।
জানা গেছে, গত সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন। এ সময় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা স্থাপনাগুলোর মালিকানা ও বরাদ্দসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্টদের ২৫ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল এবং স্থাপনা সরিয়ে নিতেও নির্দেশনা দেন ।
প্রশাসনের নির্দেশের পর শনিবার স্থানীয়রা স্ব স্ব উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে নেন। এতে এলাকাটি দখলমুক্ত করার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে। বিষয়টি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও চাঁদপুর জেলা প্রশাসন ও অবগত করেছেন স্থানীয় বাসিন্দারা । জানা গেছে, বিএস মূলে রেকডমূলে নিজস্ব জায়গা অবস্থিত রয়েছে বলে আনোয়ারা সুলতানা (পিতা: আক্কাছ আলী মজুমদার চাঁদপুর পুরাতন আদালত পাড়া মজুমদার বাড়ী )চাঁদপুর জেলা প্রশাসক বরাবর একখানা আবেদন করেছেন । সরজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায় ।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, শুধু স্থাপনা সরিয়ে নেওয়াই যথেষ্ট নয়; এলাকাটিকে মাদক ও অপরাধমুক্ত রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে সরকারি জায়গা যেন পুনরায় কেউ দখল করতে না পারে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর প্রত্যাশা, এ উদ্যোগের মধ্য দিয়ে দীর্ঘদিনের মাদক ও অপরাধসংক্রান্ত অভিযোগ থেকে এলাকাটি মুক্ত হবে এবং শহীদ মিনারসংলগ্ন পরিবেশ ফিরে পাবে স্বাভাবিক অবস্থা।



