গভীর রাতে শাহমাহমুদপুর ইউপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলায় গভীর রাতে ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনায় প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে ধারনা করছেন প্রশাসনিক কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিষদের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, হেলমেট পড়া একটি যুবক পরিষদ কমপ্লেক্সে ঢুকে প্রথমে প্রশাসকের রুমের জানালার থাই গ্লাস ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন এর কক্ষের বারান্দার জানালার থাই গ্লাস ভেঙে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

কিছুক্ষণ পর পরিষদের নাইট গার্ডের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মোঃ আলী টের পেয়ে আশপাশের লোকজনকে ডেকে এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি এ প্রতিবেদককে বলেন, গভীর রাতে বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে রুম থেকে বের হয়ে দেখি প্রশাসনিক কর্মকর্তার রুমে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের ডেকে এনে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনার খবর পেয়ে গ্রাম পুলিশের অন্যান্য সদস্যরা আসেন এবং তাৎক্ষণিক প্রশাসনিক কর্মকর্তাকে অবগত করি।

এ বিষয়ে শাহমাহমুদপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন দৈনিক চাঁদপুর খবরকে বলেন, খবর পেয়ে ইউএনও এবং প্রশাসক মহোদয় সহ চাঁদপুর সদর মডেল থানায় অবগত করলে পুলিশ ও গ্রাম আদালতের চেয়ারম্যান ঘটনাস্থলে আসেন। তবে কে বা কাহারা ঘটনাটি ঘটিয়েছে হেলমেট থাকার কারনে তা জানা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় আমার রুমের কম্পিউটার, কয়েকটি চেয়ার সহ গুরুত্বপূর্ণ অনেকগুলো নথি পুড়ে প্রায় দেড় লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মামলার প্রস্ততি চলছে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহমাহমুদপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তার কক্ষ পরিদর্শন করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সহ সভাপতি এস এম বাকের খন্দকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুলহাস আহমেদ জুয়েল সহ শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

উক্ত ঘটনার বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে চাঁদপুর সদর মডেল থানার সরকারি নম্বরে কল দিয়ে সংযোগ না পাওয়ায় অফিসার ইনচার্জ এর সাথে কথা বলা সম্ভব হয়নি।

সম্পর্কিত খবর