পুরানবাজারে জাহাঙ্গীর আখন্দ সেলিমের স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিদ্যোৎসাহী, ধর্মানুরাগী এবং বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর ঐতিহাসিক চাঁদপুর পুরানবাজার জামে মসজিদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুম জাহাঙ্গীর আখন্দ সেলিমের বর্ণাঢ্য কর্মময় জীবন ও অবদান স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন পুরানবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। আলোচনায় চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও সামাজিক উন্নয়নে মরহুমের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়।

একই দোয়া মাহফিলে পুরানবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মরহুম বাচ্চু পাটোয়ারীর রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়। মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হাফেজ মাওলানা কবির হোসেন। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলহাজ্ব আমিনুল ইসলাম সেলিম খান, মসজিদ পরিচালনা কমিটির সদস্য হারুনুর রশিদ মিয়াজী, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম নজু বেপারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম তালুকদারসহ স্থানীয় ব্যবসায়ী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর