
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ২৫ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে দর্জির কাজ করে কষ্টার্জিত ২০ লাখ টাকা হারিয়ে এখন দিশেহারা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে রহমত উল্ল্যাহ। স্থানীয় এক ভূমি সার্ভেয়ারের বিরুদ্ধে জাল দলিল তৈরি ও প্রতারণার মাধ্যমে তাঁর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার নারায়ণপুর পৌরসভার খিদিরপুর গ্রামের মৃত এলাহী বকস মিয়াজীর ছেলে ইসমাইল হোসেন মানিক।
তিনি পেশায় একজন স্থানীয় সার্ভেয়ার। স্থানীয়দের অভিযোগ, ভুয়া জমির মালিক সাজিয়ে জাল দলিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে জমি রেজিস্ট্রি করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ভুক্তভোগী রহমত উল্ল্যাহ চাঁদপুর আমলি আদালতে সিআর ৫৬৫/২৫ নম্বর মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত ইসমাইল হোসেন মানিককে সি.ডব্লিউ. মূলে কারাগারে পাঠান বলে জানা গেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী রহমত উল্ল্যাহ গত দুই যুগের বেশি সময় ধরে সৌদি আরবে স্বল্প আয়ে দর্জির কাজ করে পরিবারের খরচ মিটিয়ে ধাপে ধাপে ২০ লাখ টাকা জমিয়েছিলেন। দেশে ফেরার আগে জমি কেনার বিষয়ে তাঁর ইমো নম্বরে যোগাযোগ করেন অভিযুক্ত সার্ভেয়ার ইসমাইল হোসেন মানিক। তিনি নারায়ণপুর বাজারে ভালো মানের একটি জমি বিক্রির প্রস্তাব দেন।
লেনদেনে কোনো ধরনের অনিয়ম বা ‘দুই নম্বরি’ হলে দ্বিগুণ জরিমানা দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ভয়েস রেকর্ডও পাঠান। মানিকের কথায় বিশ্বাস করে রহমত উল্ল্যাহ দেশে থাকা তাঁর চাচাতো ভাই জাকির হোসেনকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, সার্ভেয়ার মানিক ‘মেহেদী হাসান’ নামে এক ব্যক্তিকে ভুয়া মালিক সাজিয়ে নারায়ণপুর বাজারে দোকানঘরের এক শতাংশ জমি বিক্রির নামে ভুয়া কাগজপত্র ও দলিল তৈরি করে ২০ লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট খতিয়ান ও দাগে মেহেদী হাসান নামে কোনো প্রকৃত মালিক নেই এবং ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রহমত উল্ল্যাহ দেশে ফিরে আসেন।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইসমাইল হোসেন মানিককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ভুক্তভোগীর দাবি, ওই সময় মানিক নিজের ভুল ও প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৪ অক্টোবর সবার উপস্থিতিতে এবং তিনজন সাক্ষীর সামনে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করে ২০ লাখ টাকার মধ্যে নগদ ১ লাখ টাকা ফেরত দেন মানিক এবং বাকি টাকা পরিশোধের জন্য সময় নেন। তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ে বাকি টাকা ফেরত না দিয়ে উল্টো প্রবাসী রহমত উল্ল্যাহর বিরুদ্ধে চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্ট্যাম্প উদ্ধারের মামলা দায়ের করেন সার্ভেয়ার মানিক।
এতে চরম অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। এ বিষয়ে স্থানীয় সালিসদার আবু বক্কর বলেন, সবার উপস্থিতিতে বিষয়টি নিয়ে সালিস হয়েছিল। তখন অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করে স্ট্যাম্পে লিখিতভাবে অঙ্গীকার করেন এবং নগদ ১ লাখ টাকা দিয়ে বাকি টাকা পরিশোধের জন্য সময় নেন। কিন্তু পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে উল্টো মামলা করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
ভুক্তভোগী প্রবাসী রহমত উল্ল্যাহ বলেন, “সৌদি আরবে হাড়ভাঙা পরিশ্রম করে দর্জির কাজের মাধ্যমে জমানো ২০ লাখ টাকা এক নিমিষেই শেষ হয়ে গেল। দ্বিগুণ জরিমানা দেওয়ার কথা বলে আমাকে ফাঁদে ফেলে টাকা নিয়েছেন। এখন নিজের টাকা ফেরত চাইতে গিয়ে উল্টো মামলার হয়রানির শিকার হচ্ছি। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।” অভিযুক্ত সার্ভেয়ার ইসমাইল হোসেন মানিকের বক্তব্য জানতে চাইলে তিনি তাঁর বিরুদ্ধে আনা প্রতারণা ও জাল দলিলের অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি আইনগতভাবে আদালতে বিচারাধীন রয়েছে। এ বিষয়ে তিনি আদালতেই জবাব দেবেন। বর্তমানে প্রবাসী রহমত উল্ল্যাহর দায়ের করা মামলায় অভিযুক্ত ইসমাইল হোসেন মানিক চাঁদপুর জেলা কারাগারে রয়েছেন বলে জানা গেছে।



