
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামে শাহতলী জিলানী চিশতী কলেজসংলগ্ন মো. মিজানুর রহমান খানের মুরগির খামারে অগ্নিসংযোগের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুরগির খামারের মালিক মো. মিজানুর রহমান খান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ অনুযায়ী, ২৬ নভেম্বর আনুমানিক ভোর ৪টার দিকে মুরগির খামারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, এ ঘটনায় মুরগির খামারের মালিক মো. মিজানুর রহমান বিষয়টি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে অবহিত করেন। এ সময় তিনি দ্রুত চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন এবং এএসআই রাসেলকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহম্মেদের নির্দেশে এএসআই রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এএসআই রাসেল দৈনিক চাঁদপুর খবরকে জানান, খামারে আগুন লাগানোর ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে এখনো কোনো আসামিকে শনাক্ত করা যায়নি। বাদীপক্ষও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। আমরা তাঁদের বলেছি, কোনো ক্লু পাওয়া গেলে আমাদের জানাতে। আমরাও আসামিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।
অভিযোগসূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামে বাদীর একটি মুরগির খামার রয়েছে। ২৬ নভেম্বর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে জুয়েল কারী ফোন করে তাঁকে জানান, তাঁর খামারে আগুন লেগেছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন দাউদাউ করে জ্বলতে দেখেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
এ সময় আগুনের ভয়াবহতা দেখে তাঁর ও উপস্থিত সাক্ষীদের চিৎকারে খামারের আশপাশের বাড়ি থেকে আরও ১০-১৫ জন নারী-পুরুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা বালতি, বালু ও কলস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে না পারায় বাদী ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।



