
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। এসব নৌকা বিক্রির মাধ্যমে ভ্যাট ও আয়করসহ সরকারি কোষাগারে মোট ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা রাজস্ব জমা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীর তীরে সরকারি বিধি অনুযায়ী এ উন্মুক্ত নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলামে ৯টি নৌকার বিক্রয়মূল্য নির্ধারিত হয় ৮৬ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে ভ্যাট ও আয়কর যুক্ত হয়ে মোট রাজস্বের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে উপজেলা টাস্কফোর্স বিভিন্ন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় নদী থেকে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়। জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি সরকারি নিয়ম অনুসরণ করে নিলামে বিক্রি করা হলেও আদালতে মামলা চলমান থাকায় অপর একটি নৌকা নিলামের আওতায় আনা হয়নি।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহম্মেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন, মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মামুনুর রশিদ মাসুমসহ নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।
এ সময় স্থানীয় জেলে ও সাধারণ জনগণও উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠিত নিলাম কমিটির মাধ্যমে সরকারি বিধিবিধান অনুসরণ করে উন্মুক্ত নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে বিক্রি হওয়া নৌকাগুলোর অর্থ সরকারি কোষাগারে জমা হবে। এর সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট ও আয়কর যুক্ত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহম্মেদ জানান, অভিযানে জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি নিলামের জন্য উপস্থাপন করা হয়।
আদালতের জিম্মায় থাকা একটি নৌকার বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাকি ৯টি নৌকার নিলাম কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।



