চাঁদপুরে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে স্থাপনার কাগজপত্র যাচাইয়ের নির্দেশ

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর শহরের পুরান আদালত পাড়া ও শহীদ মিনারসংলগ্ন রেলওয়ের জায়গায় গড়ে ওঠা আলোচিত ‘লেংটা বাড়ি’ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে তিনি সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেলওয়ের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন স্থাপনার বৈধতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এসব স্থাপনার মালিকানা ও বরাদ্দসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে আগামী বুধবার (২৫ নভেম্বর ২০২৬) তারিখের মধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেন।

স্থানীয়ভাবে ‘লেংটা বাড়ি’ নামে পরিচিত এলাকাটি দীর্ঘদিন ধরে নানা কারণে আলোচনায় রয়েছে। এলাকাটিকে ঘিরে মাদক ব্যবসা, মাদকসেবনসহ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চললেও কার্যকর নিয়ন্ত্রণের অভাবে সমস্যাটি পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। এলাকাটির নামের সঙ্গে আলোচিত ব্যক্তি খোকন মজুমদার, যিনি স্থানীয়ভাবে ‘লেংটা খোকন’ নামে পরিচিত, তাঁর নামও বিভিন্ন সময় সংবাদমাধ্যমে উঠে এসেছে।

তিনি চাঁদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ছিলেন। এ এলাকাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মকাণ্ড এবং মাদকসংক্রান্ত মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের ঘটনায় অতীতেও তিনি আলোচনায় আসেন। স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু স্থাপনার কাগজপত্র যাচাই নয়, এলাকাটিতে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত প্রশাসনিক নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান প্রয়োজন।

একই সঙ্গে রেলওয়ের সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে জনস্বার্থে ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়েছেন তাঁরা। সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসনের এ পরিদর্শন ও কাগজপত্র যাচাইয়ের উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের দখল ও অপরাধসংক্রান্ত অভিযোগ নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

সম্পর্কিত খবর