
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (লোধেরগাঁও) সার্বিক উন্নয়ন এবং আধুনিক, পরিচ্ছন্ন ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. এমদাদ হোসেন হাজী। নির্বাচিত হলে ওয়ার্ড থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেছেন তিনি।
পাশাপাশি দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা, রাস্তাঘাটের উন্নয়ন এবং এলাকার মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এমদাদ হোসেন হাজী বলেন, একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও সম্মিলিত উদ্যোগ। এ লক্ষ্যে এলাকার তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অপরাধপ্রবণতা রোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার সুযোগ তৈরি করতে চান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করবেন। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে শিক্ষা, যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্নতা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, উন্নত ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।
এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করে সম্ভাব্য এই মেম্বার প্রার্থী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর ও আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।



