চাঁদপুরে বৃদ্ধা হত্যা মামলায় নাতি সিয়াম আটক

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোরপুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সে বৃদ্ধা লুৎফুন্নাহার (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর মেয়ের ঘরের ছেলে সিয়ামকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর শহরের লেকের পাড় থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর নিহত বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোনটি লেকের পাড়ে ফেলে দেওয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। ওই মোবাইল ফোন উদ্ধারের জন্য পুলিশ সিয়ামকে নিয়ে লেকের পাড়ে যায়। পরে সেখান থেকেই তাকে আটক করা হয়। তবে হত্যাকাণ্ডে সিয়ামের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে চায় পুলিশ।

এদিকে, বৃদ্ধা লুৎফুন্নাহার হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। গত ২১ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে রুজু হওয়া এ মামলার নম্বর ৮৩। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা শহরের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ভাড়া বাসায় প্রবেশ করে লুৎফুন্নাহারের হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে বলে বাদীর অভিযোগ।

এজাহারে বাদী উল্লেখ করেন, নিহত লুৎফুন্নাহার চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকার বাসিন্দা। তাঁর চার মেয়ে ও এক ছেলে। মেয়েরা বিবাহিত এবং ছেলে জাপান প্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় গত ৩০ অক্টোবর থেকে তাঁকে শহরের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি বাসায় ভাড়া রাখা হয়।

ঘটনার দিন ১৮ নভেম্বর সন্ধ্যায় মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় নাহিদার। পরে রাতে মায়ের ফোন বন্ধ পেয়ে তিনি ওই ভবনের দারোয়ান দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে মাকে ডেকে দেওয়ার অনুরোধ করেন। দারোয়ান সপ্তম তলার ওই বাসার সামনে গিয়ে দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে লাইট জ্বালালে শয়নকক্ষের খাটের ওপর বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর হাত-মুখ বাঁধা এবং পরনের ওড়না জানালার সঙ্গে পেঁচানো অবস্থায় ছিল।

দারোয়ানের চিৎকারে আশপাশের ভাড়াটিয়া ও বাড়ির মালিক ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে লুৎফুন্নাহারের গলায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মায়ের দাফন-কাফন সম্পন্ন এবং ছোট ভাই জাপান থেকে দেশে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করেন বাদী।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ জানান, বৃদ্ধা হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশের তদন্তে নাতি সিয়ামের সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর