মতলবে অর্থাভাবে কলেজে যাওয়া বন্ধ করা মেধাবী শিক্ষার্থীর পাশে ইউএনও ইশমাম

চাঁদপুর খবর রিপোর্ট : মানবিকতা ও জনসেবায় আবারও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম। অর্থাভাবে (টাকার অভাবের কারণে) একাদশ শ্রেণির বই কিনতে না পেরে কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন তিনি।

নিজের ব্যক্তিগত অর্থায়নে ওই শিক্ষার্থীকে বই কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন মানবিক এই কর্মকর্তা। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে ওই মেধাবী শিক্ষার্থী ও তার বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাংলোতে ডেকে নিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। জানা যায়, শিক্ষার্থীটি মতলব সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

সে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করলেও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে একাদশ শ্রেণির বই কিনতে পারছিল না। বইয়ের অভাবে একপর্যায়ে তার কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়। এ অবস্থায় এক সেট বইয়ের জন্য কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের কাছে আবেদন করেও বইয়ের ব্যবস্থা করতে পারেনি সে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের নজরে আসামাত্রই তিনি শিক্ষার্থী ও তার বাবাকে ডেকে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে বই কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ওই শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাজীবনে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করলে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

একজন মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যাতে শুধু অর্থের অভাবে থমকে না যায়, সে লক্ষ্যে ইউএনওর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। সচেতন মহলের মতে, একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর আন্তরিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই একজন জনবান্ধব কর্মকর্তার অন্যতম মানবিক পরিচয়।

মতলব দক্ষিণের সাধারণ মানুষের প্রত্যাশা, কেএম ইশমামের মতো মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে থাকবে না। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

সম্পর্কিত খবর