জলাতঙ্ক প্রতিরোধে চাঁদপুর পৌরসভার ৫ শতাধিক কুকুরকে ভ্যাকসিন প্রদান

স্টাফ রিপোটার : জলাতঙ্ক প্রতিরোধে চাঁদপুর পৌরসভার বিশেষ উদ্যোগে পৌরসভার প্রশাসক (উপসচিব )এর নিদেশনায় পাঁচ দিনে চাঁদপুর পৌর এলাকার ৫ শতাধিক কুকুরকে র‍্যাবিসিন ভ্যাকসিন প্রদান করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই ৫ দিনে পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথ কুকুরদেরকে এই ভ্যাকসিন প্রদান করা হয়।

জানা যায়, চাঁদপুর শহরে দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ ও উপদ্রব নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে পথচারী, শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে জলাতঙ্ক প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে চাঁদপুর পৌরসভা। পৌরসভার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বয়ে পাঁচ দিনে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ছয় শতাধিক কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী র‍্যাবিসিন ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

গত ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চাঁদপুর পৌরসভার, কালী বাড়ি, শপথ চত্বর, প্রেসক্লাব এলাকা, নতুন বাজার, পুরান বাজার, ছায়াবাণী, পালপাড়া, চিত্রলেখা, বাসস্ট্যান্ট, চেয়ারম্যান ঘাট, মিশন রোড,সহ পৌর এলাকার বিভিন্ন এলাকায় পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরীর নির্দেশনায় এবং পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম বিন শরীফের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঁচটি পৃথক টিম গঠন করা হয়। এসব টিমে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্যাকসিনেটররা পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে কুকুরগুলোকে টিকা প্রদান করেন।

এর আগে গত ১ নভেম্বর চাঁদপুর প্রেসক্লাবের আঙিনায় এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

পাঁচ দিনের এ বিশেষ কর্মসূচিতে ছয় শতাধিক কুকুরকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। সংশ্লিষ্টদের মতে, কুকুরের মাধ্যমে জলাতঙ্কের সংক্রমণ প্রতিরোধে পরিকল্পিত ও নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন কুকুরের মধ্যে জলাতঙ্কের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব, অন্যদিকে মানুষের মধ্যে এ প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমানো যায়।

জলাতঙ্ক বা র‍্যাবিস ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। আক্রান্ত প্রাণীর লালার মাধ্যমে সাধারণত কামড়, আঁচড় কিংবা ক্ষতস্থানের সংস্পর্শে এ ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মানুষের জলাতঙ্ক সংক্রমণের প্রায় ৯৯ শতাংশের জন্য কুকুর দায়ী। রোগটির লক্ষণ প্রকাশ পাওয়ার পর মৃত্যুর আশঙ্কা প্রায় শতভাগ। তবে সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ ও উপদ্রব নিয়ে নাগরিকদের মধ্যে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। এ অবস্থায় পৌরসভার এ উদ্যোগকে জনস্বাস্থ্য সুরক্ষায় একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে পাঁচ দিনে ছয় শতাধিক কুকুরকে টিকা প্রদানের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতেও নিয়মিত টিকাদান, কুকুরের গতিবিধি পর্যবেক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম বিন শরীফের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জসীম উদ্দিন, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. শাহাজাহান খান ও সুপারভাইজার মো. আব্দুল মান্নান ভূঁইয়া।

সম্পর্কিত খবর