
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণার প্রতিবাদে এবং দেশবিরোধী নানা অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী পৃথক কর্মসূচির মাধ্যমে রাজপথে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা।
সকাল ৮টায় শহরের মিশন রোড শাহী মসজিদের সামনে থেকে শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ঘোষণার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। মিছিল থেকে ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়া হয়।
সকালের বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান, জামায়াত নেতা গোলাম মাওলা, সুলতান মাহমুদুল হাসান, আব্দুল হাই লাভলু, আলাউদ্দিন ঢালী, ফুয়াদ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে একই দাবিতে বিকেলে বাদ আছর শহরের বাস স্ট্যান্ড মসজিদের সামনে থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী পৃথক কর্মসূচির মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেয় চাঁদপুর শহর জামায়াত।



