
হাইমচর প্রতিনিধি : জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ উদ্যোগে মেঘনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা টাস্কফোর্স সূত্রে জানা যায়, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, হাইমচর এবং কোস্টগার্ড হাইমচর কন্টিনজেন্টের সমন্বয়ে গঠিত যৌথ টিম মেঘনা নদীর কাটাখালি, তেলীর মোড়, হাইমচর ঘাট, আমতলী, চরভৈরবী, মাঝেরচর, মাঝিরবাজার, লালমিয়ারটেক এবং চকিদারকান্দি এলাকায় ব্যাপক টহল দেয়। অভিযান চলাকালে অসাধু জেলেদের পেতে রাখা আনুমানিক ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জালগুলো উদ্ধারের সময় তাতে আটকে থাকা ৮টি ছোট আকৃতির মা ইলিশ জীবিত অবস্থায় নদীতে অবমুক্ত করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো মৎস্য আইন ও সরকারি বিধি মোতাবেক জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে মোবাইল ফোনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।
এ যৌথ অভিযানে উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করেন মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ, কোস্টগার্ড হাইমচর কন্টিনজেন্ট কমান্ডার মো. শাহীন এবং কোস্টগার্ড ও মৎস্য দপ্তরের সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের দপ্তর জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের চেষ্টা করা হলে আগামী দিনগুলোতেও টাস্কফোর্সের এমন কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।




