চাঁদপুরে মাদক-বিরোধী অভিযানে আটক ৯০ : ইয়াবা ও গাঁজা উদ্ধার

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করা হয়েছে। রোববার ( ১১ অক্টোবর) চাঁদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১০ অক্টোবর জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিস্তার রোধ এবং কিশোর গ্যাং নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এর ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। থানাভিত্তিক মাদকবিরোধী অভিযানের চিত্র : চাঁদপুর সদর মডেল থানা: বিভিন্ন মাদকদ্রব্য সেবনের অপরাধে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১১ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় একজন আসামিকে গ্রেপ্তার এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মতলব দক্ষিণ থানা: ২৩ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। মতলব উত্তর থানা: ২৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাজীগঞ্জ থানা: পাঁচ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহরাস্তি থানা : ছয় পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কচুয়া থানা: পাঁচ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭০ জন : জেলা পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার ছয়টি থানা এলাকা থেকে মোট ৭০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে হাইমচর থানায় একজন, ফরিদগঞ্জ থানায় ১৪ জন, মতলব উত্তর থানায় আটজন, হাজীগঞ্জ থানায় ১৪ জন, শাহরাস্তি থানায় ১৭ জন এবং কচুয়া থানায় ১৬ জন রয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের হটলাইনে জানানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে। সূত্র: চাঁদপুর জেলা পুলিশ।

সম্পর্কিত খবর