
মহসিন হোসাইন: চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানার দ্বিতীয় তলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিরা নূর। তিনি দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার পূজা উদযাপন কমিটিগুলোকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পুলিশ প্রশাসন সতর্ক ও তৎপর থাকবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখা, প্রবেশ ও বের হওয়ার পথ সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচারে কান না দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করা তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় পূজা উদযাপন কমিটির নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদ। সভা সঞ্চালনা করেন পৌর পূজা পরিষদের সভাপতি নেপাল সাহা।
এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের সিনিয়র সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার এবং সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
সভায় চাঁদপুর সদর উপজেলার ৩৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।




