হাজীগঞ্জে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার (১১ অক্টোবর) তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই দিন তাঁদের আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন : হাজীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বলাখাল বেপারী বাড়ির মৃত রাজুর ছেলে রাব্বী (২৪) এবং উপজেলার ৭ নম্বর পশ্চিম বড়কুল ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেরাজ হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এসআই নূরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে হাজীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বলাখাল এলাকায় হরি সাহার মন্দিরের সামনে থেকে রাব্বী ও মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এজাহার দায়েরের পর হাজীগঞ্জ থানায় ১১ অক্টোবর মামলা নম্বর ১৬ রুজু করা হয়েছে।

সম্পর্কিত খবর