চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৩০৭টি অবৈধ যানবাহন আটক

আহম্মদ উল্যাহ : চাঁদপুরে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৩০৭টি অবৈধ যানবাহন আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জেলা পুলিশ মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও সরাসরি তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়। অভিযান চলাকালে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বাবুরহাট বাজার মোড়ে উপস্থিত থেকে ট্রাফিক কার্যক্রম পরিদর্শন ও অভিযান তদারকি করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

এদিকে পালের বাজার মোড়ে পৃথক অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ লুৎফর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর। এ ছাড়া টিআই (এডমিন), শহর ও যানবাহন শাখা, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অভিযানে অংশ নেন। জেলা পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং জনস্বার্থে এ ধরনের বিশেষ ট্রাফিক অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সম্পর্কিত খবর