
স্টাফ রিপোর্টার : বিদেশি মোটরসাইকেলের পার্টস, মবিল ও লুব্রিকেন্টে আমদানিকারকের স্টিকার এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় চাঁদপুরে ‘মেসার্স বোরাক মটরস’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ওয়্যারলেস বাজার ও ফিশারীগেট এলাকায় এ তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মেসার্স বোরাক মটরসকে ওই জরিমানা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। অভিযান চলাকালে আশপাশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



