
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে ও চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় বিদেশগামী নিয়ে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫নভেম্বর (বুধবার) দুপুর ১২টায় চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হলরুমে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আপনারা আমাদের দেশের প্রকৃত ‘রেমিট্যান্স যোদ্ধা’। নিজের জন্মভূমি ও প্রিয়জনদের মায়া ত্যাগ করে কেবল পরিবারকে একটু ভালো রাখার আশায় আপনারা প্রবাসের কষ্টকর জীবন বেছে নিচ্ছেন। আপনাদের পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্সই আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে।
তিনি বলেন, মাদক একটি পরিবার, একটি সমাজ তথা পুরো জাতিকে ধ্বংস করে দেয়। দেশের সকল স্তরের মানুষ আজ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আপনারাও প্রবাসে এবং দেশে আপনাদের নিজ নিজ জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন। যারা ইতিমধ্যে মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়েছে, তাদের সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আমরা যে যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা প্রবাসে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের সুনাম বৃদ্ধি করুন।
চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ সফিকুর রহমানের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে বিদেশগামীদের প্রশিক্ষণ (পিডিও ক্লাসের) ১৭০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে।
ক্যাপসান: গতকাল চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে ও চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় বিদেশগামীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।



