মতলব উত্তরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের চরকাশিম গ্রামে মাসুম বকাউল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পুরো চরাঞ্চলে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকাশিম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত মাসুম বকাউলকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় তাঁর দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় একই গ্রামের বিএনপি নেতা শিপন খানের ছেলে শামীম খানসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে হামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে যাওয়ায় তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, আহত মাসুম বকাউলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। তাঁদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি লুটপাট, ভাঙচুর, সাধারণ মানুষের ওপর নির্যাতন এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় জড়িত ছিলেন। সে সময় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা সিদ্দিক বকাউল ও গফুর বাদশা গংয়ের পালিত অস্ত্রধারী ক্যাডার হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার করতেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, মাসুম বকাউলের বিরুদ্ধে চাঁদপুর ও মুন্সিগঞ্জের বিভিন্ন আদালতে একাধিক মামলা রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও লিখিত আবেদন করা হয়েছিল বলে তাঁরা জানান। মেঘনা নদীতে চুরি, ডাকাতি ও অবৈধ বালু উত্তোলনকারী চক্রের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে মাসুমের পরিবার ও অনুসারীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শামীম খানের পিতা ও স্থানীয় বিএনপি নেতা শিপন খান বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাসুম বকাউল ও তার সহযোগীরা এলাকায় বহু মানুষের ওপর অত্যাচার-নির্যাতন, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১ অক্টোবর দিবাগত রাতে বোরচর এলাকায় পরিবহন শ্রমিক আরিফ উল্লাহ সরকার গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন আহত হন। স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, ওই ঘটনার পেছনেও সিদ্দিক বকাউল ও গফুর বাদশার নির্দেশনায় মাসুম বকাউল ও তাঁর সহযোগীরা সক্রিয় ছিলেন। যদিও এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, গত প্রায় ১৭ বছর ধরে সিদ্দিক বকাউল ও গফুর বাদশার নেতৃত্বে মোহনপুর ইউনিয়নের বাহেরচর, চরওয়েষ্টার এবং এখলাছপুর ইউনিয়নের চরকাশিম বোরচর এলাকায় একটি প্রভাবশালী সন্ত্রাসী বলয় গড়ে ওঠে। তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, হামলা, ভাঙচুর, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৬ জানুয়ারি চরকাশিম বোরচর এলাকায় বিএনপি নেতা শিপন খানের বাড়িতে হামলা চালানো হয়। ওই হামলায় নারী-পুরুষসহ প্রায় ২০ থেকে ২৫ জন আহত হন এবং একাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়। একই রাতে এখলাছপুরের বিভিন্ন বিএনপি-সমর্থক নেতার বাড়িতেও হামলার অভিযোগ ওঠে।

এছাড়া এলাকাবাসীর অভিযোগ, ২০২৪ সালের ২৫ আগস্ট চরকাশিমপুর (বড়চর) আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খলিলকে সংঘবদ্ধ জনতা (মব) সৃষ্টি করে চাপ প্রয়োগের মাধ্যমে প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতির কাগজে স্বাক্ষর নিতে বাধ্য করা হয়। এ ঘটনার পেছনেও সিদ্দিক বকাউল ও গফুর বাদশা গংয়ের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকার প্রবীণ ব্যক্তি বজলুল রশিদ দেওয়ান ও রাজিব সরকারের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। এসব ঘটনার সঙ্গে মাসুম বকাউল ও তাঁর সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ এনে আদালতে মামলা ও অভিযোগ দায়ের করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চরাঞ্চলে আবারও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা ও সাধারণ মানুষের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত কিছু ব্যক্তি বর্তমানে নিজেদের বিএনপির পরিচয় দিয়ে এলাকায় পুনরায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এতে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”

বর্তমানে চরকাশিমসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত খবর