আজ থেকে চাঁদপুর সদর ও হাইমচরে হামের টিকাদান কর্মসূচি শুরু

চাঁদপুর খবর রিপোর্ট : হঠাৎ করেই হামের প্রকোপ বেড়ে যাওয়ায় আজ রোববার (৫ এপ্রিল ২০২৬) থেকে চাঁদপুর সদর ও হাইমচর বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আক্রান্তের হটস্পট বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে আপাতত চাঁদপুর জেলার দুটি উপজেলায় এ কর্মসূচি শুরু করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সিভিল সার্জন। এদিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, আজ রোববার হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স সহ অস্থায়ী টিকা কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে হামের টিকা দেয়া হবে। দয়া করে নিকটস্থ টিকা কেন্দ্রে যোগাযোগ করে আপনার শিশুর হামের টিকা প্রাপ্তি নিশ্চিত করুন-এমন আহ্বান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত টিকাদান কর্মসূচির (ইপিআই) একাধিক কর্মকর্তা।যে ৩০ উপজেলা দিয়ে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি শুরু। রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর,

নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, ভোলাহাট, নাটোর সদর, এবং যশোর সদর। জানা যায়, এ বছর সব মিলিয়ে জরুরি টিকাদান কর্মসূচির আওতায় দেশব্যাপী ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ৩ হাজার ২৬৭টি শিশুকে টিকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে ৯ শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

সম্পর্কিত খবর