
চাঁদপুর খবর রিপোর্ট : ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (০২ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ডিবি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত দালালদের মধ্য থেকে সাহাব উদ্দিন, শাকিল খান (১৯), মাসুদ (৩৫) ও গোলাম রাব্বি (২৭) নামে চারজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
ডিবি সূত্রে জানা যায়, অভিযানের খবর পেয়ে অন্যান্য দালালরা সতর্ক হয়ে পালিয়ে যায়। এছাড়া নারী পুলিশ না থাকায় মহিলা দালালদের আটক করা সম্ভব হয়নি।
আটককৃতরা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে হাসপাতাল এলাকায় দালালচক্র নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



