
চাঁদপুর খবর রির্পোট : মাত্র সাড়ে তিন মাসের মাথায় চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। বদলী হওয়ার খবর জানার পর পরই তিনি চাঁদপুর প্রেসক্লাবকে নিজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলীর চিঠিটা হোয়ারসপে পাঠিয়েছেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে, এতো অল্প সময়ে জেলা প্রশাসকের বদলি চাঁদপুরে বিরল ঘটনা। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর আগে তিনি চাঁদপুরে যোগদান করেন। এখন তিনি চাঁদপুর থেকে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের পর তাদের নূতন পদায়ন হবে।
এদিকে চাঁদপুরের নবাগত চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ জিয়াউর রহমান। তিনি আগামী বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে যোগদানের সম্ভাবনা রয়েছে । এ ব্যাপারে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের মোবাইলে যোগাযোগ করা হয়েছে । তিনি ধন্যবাদ জানান ও দোয়া চেয়েছেন ।
চাঁদপুরে যোগদানের বিষয়টি জানাবেন বলেও জানান । জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা কর্তৃক রোববার (২৯ মার্চ ২০২৬) জারিকৃত এক প্রজ্ঞাপনে আহমেদ জিয়াউর রহমানসহ ১১ জেলা প্রশাসকের নূতন এ পদায়ন হয়েছে।
আহমেদ জিয়াউর রহমান (১৬৩৪৯) বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত আছেন। নতুন জেলা প্রশাসক বর্তমান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের স্থলাভিষিক্ত হবেন। নাজমুল ইসলাম সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দু মাস আগে ২০২৫ সালের ১৭ নভেম্বর চাঁদপুরে যোগদান করেন। প্রায় সাড়ে তিন মাসের মাথায় নতুন সরকার গঠনের মাস খানেক পর তাঁকে বদলি করা হলো।



