মতলব কাশিমপুরে পারিবারিক বিরোধের জেরে মারধরে আহত ৩ : থানায় অভিযোগ

মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে ৩ জন আহত হয়েছে । আহতদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় । এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

সরজমিন ও অভিযোগ সূত্রে জানাযায় কাশিমপুর বাজারের প্রদীপের দোকানের সামনে একা পেয়ে আবু সাইদকে প্রতিপক্ষের সাইফুল ইসলাম শাপু (৩০) হৃদয় (২৬) আক্তার হোসেন (৩৫) সোহাগ (২৯) মারধর করে । খবর পেয়ে জিলন সরদার আহতকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান । বেলা ১২ টার সময় পুনরায় সাঈদের ভাতিজা আকাশ ও ভাই রেফা সরদারকে মারধর করে । এ ঘটনায় জিলন সরদার বাদী হয়ে মতলব দক্ষিণ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তিরা জানান আবু সাঈদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার কারণে এলাকার যুব সমাজ ধ্বংস হতে চলেছে । তার বিরুদ্ধে হত্যা মামলা সহ ২০-২৫ টি মামলা রয়েছে । তারা যুব সমাজকে বাঁচাতে এবং কাশিমপুর থেকে চিরতরে মাদক নির্মূল করতে চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন সহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান । এ বিষয়ে জিলন সরদার বলেন আমার ভাই ও ভাতিজাকে কোন কারন ছাড়াই তারা মারধর করে এবং বাড়ী ঘরে হামলা চালায় । আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।

এই ঘটনায় অভিযুক্ত হৃদয় বলেন আবু সাঈদ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছে। মাদক নিতে প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসা যাওয়া করে তার বাড়িতে । আমরা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারধর ও গালমন্দ করেন এবং বিভিন্ন হুমকী ধামকী দেয় । আমাদের হয়রানির করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করেছে । আবু সাইদ মাদক মামলায় বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।

মতলব দক্ষিন থানার ওসি তদন্ত অখিল সকরার বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছি । তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।

সম্পর্কিত খবর