স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে চাঁদপুরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

সাইদ হোসেন অপু চৌধুরী : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুরের সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

একই সময়ে শহরের মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ স্মৃতিস্তম্ভসংলগ্ন রেললাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে ‘অঙ্গীকার’ পাদদেশে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, নৌ পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধারা ,চাঁদপুর জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক ,চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে পিবিআই, আনসার ও ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, সিভিল সার্জন কার্যালয়, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল, জেলা পরিষদ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ,

চাঁদপুর রোটারি ক্লাব, এলজিইডি, গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, জাকের পার্টি, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, সনাক-টিআইবি, জেলা কারাগার, বিএনপি, এনসিপি, গণফোরাম, আনন্দধ্বনিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এ ছাড়া জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর