চাঁদপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চাঁদপুর জেলা ও চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত প্রায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ও আত্মত্যাগ আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। তাদের রক্তের বিনিময়েই অর্জিত হয়েছে এই স্বাধীনতা, যার সুফল আমরা আজ ভোগ করছি। তাই এই গৌরবময় ইতিহাস আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান—তাদের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, যদি বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই না করতেন, তাহলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারতাম না। বরং আমাদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবনযাপন করতে হতো। তাই তাদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ ও কৃতজ্ঞতা থেকেই জেলা প্রশাসন প্রতিবছর এ ধরনের সংবর্ধনার আয়োজন করে থাকে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে ভাতা বৃদ্ধি ও নিয়মিত প্রদানের বিষয়টি উল্লেখযোগ্য।

তিনি আরো বলেন, অনেক মুক্তিযোদ্ধা পরিবারের নতুন প্রজন্ম নিজেদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবগত নয়, যা অত্যন্ত দুঃখজনক। অনেকেই জানে না তাদের পিতা কোথায় ও কীভাবে যুদ্ধ করেছেন। তাই প্রত্যেক পরিবারকে নিজেদের ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। পরিবার ও ইতিহাসকে রক্ষা করেই একটি সচেতন, দেশপ্রেমিক ও শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- মো: এরশাদ উদ্দিন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সামাদ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব মোঃ মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ড. কাজী হাসেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম বরকন্দাজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান গাজী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর