
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর-৩ তথা চাঁদপুরের সর্বস্তরের জনগণ এবং বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বাণীতে তিনি এই অভিনন্দন জানান। এক বার্তায় তিনি বলেন, ২৬ মার্চ জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে।
একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিতা মা-বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মহান স্বাধীনতা দিবস এ দেশের মানুষের জীবনে সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের চেতনাকে প্রতিবছর নতুন করে উজ্জীবিত করে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ ও মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।



