
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের অন্যতম পর্যটন কেন্দ্র বড়স্টেশন মোলহেড এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।
চাঁদপুর জেলা প্রশাসন , চাঁদপুর জেলা পুলিশ ,চাঁদপুর পৌরসভা,চাঁদপুর নৌ পুলিশ,চাঁদপুর জিআরপি পুলিশ , রেলওয়ে বিভাগ,নির্বাহী ম্যাজিষ্ট্রেটের যৌথ ভাবে এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শুরু হওয়া এই অভিযানে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় উচ্ছেদ অভিযান নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার উচ্ছেদ করা হলেও কয়েক দিন পরেই জায়গাগুলো আবার দখল হয়ে যায়। সচেতন মহলের মতে, প্রশাসনের নিয়ন্ত্রণহীনতা ও নজরদারির অভাবেই এই ‘উচ্ছেদ-দখল’ খেলা বছরের পর বছর ধরে চলছে।
বড়স্টেশন এলাকার একজন বাসিন্দা বলেন, উচ্ছেদ তো হলো, কিন্তু কাল থেকে যে আবার দোকান বসবে না তার গ্যারান্টি কী? নিয়মিত তদারকি না থাকলে এই সরকারি টাকা আর পরিশ্রম সবই বৃথা।
উচ্ছেদ অভিযানের স্থায়িত্ব নিয়ে প্রশ্নের জবাবে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, উচ্ছেদের পর যদি স্থায়িত্ব নিশ্চিত করা না যায়, তবে লোকবল ও সরকারি অর্থের অপচয় হবে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।
অন্যদিকে, রেলওয়ের জায়গার রক্ষণাবেক্ষণ নিয়ে স্টেশন মাস্টার মারুফ হোসেন সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানান, আগের উচ্ছেদগুলো কেন স্থায়ী হয়নি তা খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হবে। এসময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ প্রশাসন, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



