সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী : পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআনের হাফেজ ও এতিম শিশুদের সম্মানে ভালো কাজ আন্দোলন সামাজিক সংগঠন চাঁদমুখের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশের সভাপতিত্বে এবং লেখক ও সংগঠক এইচএম জাকির এর সঞ্চালনায় ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, এতিম ও কোরআনের হাফেজদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, চাঁদমুখ ভালো কাজ আন্দোলনের মতো সংগঠনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভালো কাজের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করতে সামাজিক সংগঠনগুলোর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি রহিম বাদশা, সমাজসেবক মাহমুদ হাসান এবং সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। এ মাসে অসহায়, এতিম ও কোরআনের হাফেজদের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ কাজ। চাঁদমুখ ভালো কাজ আন্দোলনের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান করেন।

অনুষ্ঠানে সংগঠনের ৬০ জন সদস্য এবং ১৫ জন কোরআনের হাফেজ ও এতিম শিশু উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে সবাই একসঙ্গে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।

ছবির ক্যাপশন: সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন।

সম্পর্কিত খবর