চাঁদপুরে প্রবাসীর ৭০ লাখ টাকা নিয়ে প্রেমিককে বিয়ে ॥ অবশেষে স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের লিপি আক্তার নামের এক নারীর বিরুদ্ধে প্রবাসীর ৭০ লাখ টাকা নিয়ে প্রেমিককে বিয়ের অভিযোগ উঠেছে। অবশেষে চাঁদপুর মডেল থানার পুলিশের অভিযানে স্ত্রীকে আটক করেছে। আটককৃত লিপি আক্তারের বাবা মোক্তার শেখ এবং মায়ের নাম লজিকুল বেগম।

জানা যায়, লিপি আক্তারের প্রথম স্বামী ইব্রাহিম ওমানে প্রবাসী। গত প্রায় দশ বছরে তিনি স্ত্রীকে দুইটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৭০ লাখ টাকা পাঠিয়ে ছিলেন।

অভিযোগ রয়েছে, সেই টাকা আত্মসাৎ করে লিপি আক্তার সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে রঘুনাথপুর কবিরাজ বাড়ির হানিফ কবিরাজের ছেলে নাঈমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে প্রথম স্বামীর পাঠানো নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তিনি পালিয়ে যান। এরপর নাঈমকে বিয়ে করে নতুন সংসার শুরু করেন বলে জানা যায়। এদিকে দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে প্রতারণার অভিযোগে চাঁদপুর আদালতে মামলা করেন ইব্রাহিম।

মামলায় লিপি আক্তার ও তার প্রেমিক নাঈমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। মামলার তদন্তে আরও জানা যায়, দ্বিতীয় বিয়ের সময় লিপি আক্তার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে কাবিননামায় তথ্য দেন। অথচ তার প্রথম সংসারে মারিয়া আক্তার মিম নামে ১০ বছর বয়সী এবং লামিয়া আক্তার জিম নামে ৮ বছর বয়সী দুই সন্তান রয়েছে। অবশেষে চাঁদপুর মডেল থানার এসআই বিল্লাল রহমতপুর কলোনির সোহেল প্রধানের বাড়িতে অভিযান চালিয়ে মামলার আসামি লিপি আক্তারকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

তদন্তে আরও জানা গেছে, প্রথম স্বামীর পাঠানো টাকার একটি অংশ দিয়ে লিপি আক্তার ঢালীরঘাট এলাকায় প্রায় ৬ শতাংশ জমি কিনেছিলেন। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এক বধু দুই স্বামীর এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা বিতর্ক।

ভুক্তভোগী প্রবাসী ইব্রাহিম অভিযোগ করেছেন, দীর্ঘ ১০ বছরের কষ্টার্জিত অর্থ ব্যাংকের মাধ্যমে পাঠানোর পর সেই টাকা স্ত্রী আত্মসাৎ করেন। দেশে ফেরার খবর জানার পর স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বলেও তিনি দাবি করেন। প্রবাসী ইব্রাহিম এখন প্রতারিত স্ত্রীর কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর