চাঁদপুর পৌরসভা পরিদর্শনে নব-নির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌরসভার বিভন্ন দপ্তর ও শাখা পরিদর্শন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি চাঁদপুর পৌরসভা পরিদর্শন শেষে হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।

এসময় তিনি বলেন, চাঁদপুর পৌরসভার যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেগুলো আমি নিজেই পাই না। আমাদের বিশুদ্ধ পানি ও রাস্তাসহ অনেক সমস্যা রয়েছে। শহরের যানজট নিরসনে পৌরসভাকে কাজ করতে হবে। যেখানে যেখানে অবৈধ দখল রয়েছে, তা দ্রুত উচ্ছেদ করতে হবে।

তিনি বলেন, চাঁদপুর পৌরসভার সেবার মান কোন ভাবে নষ্ট করা যাবে না। আমরা চাই স্বচ্ছতা। কাজের ক্ষেত্রে যেখানে বালির দেয়ার কথা বলা থাকবে সেখানে মাটি দিতে পারবে না। যেখানে যা ধরা থাকবে তাই দিতে হবে। আর সংবাদপত্রগুলো সঠিক তথ্য দিয়ে নিউজ করবেন। তারপর আমরা ও পৌরসভা কাজ করবো। তিনি বলেন, বর্তমানে পৌরসভার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি। এটা দ্রুত সমাধান করতে হবে। শহরের পুরাণবাজার এলাকায় এক জায়গায় পয়ঃনিস্কাশনের পানির সাথে পৌরসভার সাপ্লাইয়ের পানি সরবরাহ হয়ে থাকে, এটা কিভাবে সম্ভব। কিছু কিছু স্থানে সাপ্লাইয়ের পানির সাথে চিংড়ি মাছও পাওয়া যাচ্ছে। শিঘ্রই বিশুদ্ধ পানি নিশ্চিতে পৌরসভাকে কাজ করতে হবে।

শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, পালবাজার থেকে শুরু হয়ে বকুলতলার ভেতর দিয়ে রাস্তাটি প্রশস্থ করলে কিছুটা যানজট কমবে। রেলওয়ে জনস্বার্থে অনেক জায়গা বিভিন্ন জায়গায় দিয়েছে। আপনারা রেলওয়ের সাথে কথা বলে কাজ করেন। রেলওয়ের প্রয়োজনে পৌরসভা যে কোন সময় তাদের জায়গা দিতে বাধ্য থাকবে, রেলওয়ের সাথে পৌরসভা চুক্তি করেন। এসময় চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ), প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরে আলমসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর