চাঁদপুরে চাঁদা না পেয়ে নতুন দেওয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খলিফাডলি গ্রামে।

অভিযোগে বলা হয়েছে, শরীয়তপুরের বাসিন্দা প্রবাসী ইসমাইল গাজী দুই বছর আগে ওই এলাকায় ৫ শতাংশ ২০ পয়েন্ট জমি কিনেছিলেন। জমিটি তিনি আবু কালাম মল্লিকের কাছ থেকে ক্রয় করেন। সম্প্রতি সেখানে বাড়ি নির্মাণের প্রস্তুতি হিসেবে চারপাশে সীমানা প্রাচীর তোলার কাজ শুরু হয়।

ঠিক সেই সময় ঘটনাস্থলে আসেন মনির হোসেন। তিনি নিজেকে মৎস্যজীবী দলের নেতা পরিচয় দিয়ে কাজে বাধা দেন বলে অভিযোগ। ভুক্তভোগী পরিবারের দাবি, মনির হোসেন চাঁদা দাবি করেন এবং রাস্তা নেওয়ার অজুহাত দেখিয়ে নির্মাণকাজ বন্ধ করতে বলেন। পরিবারটি বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি নিজেই নবনির্মিত দেওয়াল ভেঙে ফেলেন। এমনকি পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলার চেষ্টা করা হয় বলেও জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তারা মনির হোসেনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝেও আলোচনা চলছে। তবে এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন জানান, চলাচলের রাস্তার জন্য দেয়ালটি ভেঙ্গে ফেলা হয়েছে। তবে রাস্তা জন্য জায়গা না ছাড়লে কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানান।

সম্পর্কিত খবর