
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের ২৫তম সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর চাঁদপুর এলিট চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, হাজীগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহার, সংগঠনের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সমবায় ইউনিয়নের সম্পাদক জসীম উদ্দিন শেখ, সাবেক সভাপতি হাফেজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, আজীবন সদস্য অ্যাডভোকেট সেলিম আকবর, আজীবন সদস্য রোটারিয়ান ডা. এম জি ফারুক ভূইয়া, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান মহসিন পাঠান, সাবেক সাধারণ সম্পাদক ব্যাংকার মো. দেলোয়ার হোসেন, আজীবন সদস্য শিক্ষক শাহাদাত হোসেন এবং ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমীন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারীর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইকরাম চৌধুরী ও সাধারণ সম্পাদক ব্যাংকার মোতালেবসহ প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বর্তমানে জীবিত সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। বক্তারা আরও বলেন, এটি একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। সংগঠনটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
পরে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক সভাপতি আলী হোসেন মিয়াজী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান পাটওয়ারী ও অর্থ সম্পাদক আবুল খায়ের।
অনুষ্ঠানে সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।



