চাঁদপুরের জাফরাবাদে হাতেনাতে চোর আটক॥ অবশেষে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে গভীর রাতে চুরি করতে গিয়ে অবশেষে হাতেনাতে ধরা পড়েছে এক দুর্ধর্ষ চোর। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর আতঙ্ক হয়ে থাকা এই চুরির ঘটনায় অবসান ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে চাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাফরাবাদ এলাকার সিরাজ খান বাড়িতে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, হারুন ঢালী নামের ওই ব্যক্তি দিনের বেলায় রাস্তায় হকারি করতেন। আর রাত হলে বসতবাড়িতে চুরি করাই ছিল তাঁর নিয়মিত কাজ। জানা গেছে, তাঁর বিরুদ্ধে মাদক, চুরি এবং হিন্দুদের মন্দির ভাঙচুরসহ প্রায় ১৫টি মামলা রয়েছে। এলাকায় তিনি দীর্ঘদিন ধরেই দুর্ধর্ষ চোর হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনার রাতে আনোয়ার খানের নির্মাণাধীন বসতঘরের তালা কেটে লোহার রড চুরি করার সময় বাড়ির লোকজন তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর এলাকাবাসী তাঁকে আটক করে রাখেন। স্থানীয় সূত্র জানায়, হারুন ঢালী পূর্ব জাফরাবাদের মৃত হান্নান ঢালীর ছেলে। অভিযোগ রয়েছে, তাঁর বড় ভাইও একইভাবে এলাকায় চুরি করতেন।

এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় বসতঘরের মালামাল চুরি করার ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি ব্র্যাক অফিসে সংঘটিত চুরির ঘটনাতেও তাঁর জড়িত থাকার কথা এলাকাবাসী বলেছে। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে, চাঁদপুর মডেল থানা-এর ওসি ফয়েজ আহমেদের নির্দেশে পুরানবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এর আগেও সিরাজ খান বাড়ির কয়েকজনের বৈদ্যুতিক তার, চাপকল, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস চুরি করেছিলেন তিনি। অবশেষে এলাকাবাসীর হাতে ধরা পড়ার পর তাঁকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। মঙ্গলবার পুলিশ তাঁকে চুরির মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠায়। এরপর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর