
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তায় অবস্থিত হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক শেখ মুজাফ্ফর আলীর সন্তান শেখ মহিউদ্দিন রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মহিউদ্দিন রাসেল বলেন,যাদের আত্মত্যাগে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলছি তাদের আমাদের স্মরণ করতে হবে। “আজ আমরা বাংলায় কথা বলছি, গান গাইছি, জাতীয় সংগীত পরিবেশন করছি এটি সহজে আসেনি। বাংলাভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য আমাদের পূর্বপুরুষদের পাকিস্তানি শাসকদের উর্দু ভাষার আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছিল।”
তিনি আরও বলেন, “৫২’র ভাষা আন্দোলনে আমার পিতা ভাষা সৈনিক শেখ মুজাফ্ফর আলী ভাষার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। ভাষার জন্য অসংখ্য শহীদ আত্মত্যাগ করেছেন। আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি।”
এ সময় তিনি উল্লেখ করেন, সাংবাদিক নেতা অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন এলাকার মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে হাজী লোকমান পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মোঃ আলী আক্কাছ মিজি, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আহমেদ এবং পত্রিকার নির্বাহী সম্পাদক মনির হোসেন সজীব।
সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষিকা মিম আক্তার ও আমরিন নেছা।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষিকা লাখি আক্তার, তামান্না আক্তার, দিলরুবা আক্তার, রেহানা আক্তার, মুক্তা রানী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে স্কুলের শিক্ষার্থীরা শহীদ দিবসের সংগীত পরিবেশন করে। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও শিক্ষার্থীরা স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।



