
চাঁদপুর খবর রিপোর্ট: আজ শনিবার অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এদিন। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শ্রদ্ধা ও ভালোবাসায় রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। আজ একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা।
দিবসটি উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে এ দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাঙালি জাতির কাছে এটি একদিকে যেমন গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক দিন। ১৯৫২ সালের এই দিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ববাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন।
তাদের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একুশে ফেব্রুয়ারি সাধারণ ছুটি। এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এছাড়া দেশের সব মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সব স্যাটেলাইট চ্যানেল ও গণমাধ্যমে একুশের বিশেষ অনুষ্ঠানমালা প্রকাশ করা হবে। (তথ্য সূত্র : বাসস)
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের নানা কর্মসূচী : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের নিম্নবর্ণিত কর্মসূচি ও সিদ্ধান্ত গৃহীত হয়: ১৮-২০ ফেব্রুয়ারি, ২০২৬ (সুবিধাজনক সময়ে) জেলা শিশু একাডেমি, চাঁদপুর/জেলা গণগ্রন্থাগার, চাঁদপুরে শিশুদের নিয়ে রচনা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা। ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২.০১মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ভাষা শহিদদের স্মরণে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
২১ ফেব্রুয়ারি ২০২৬ (সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়) জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সময় পতাকা নামাতে হবে।
পতাকা অর্ধনমিত করার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে। এদিন শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ। ২০-২১ ফেব্রুয়ারি শহরের নতুন বাজার সড়ক, অঙ্গীকার পাদদেশ, চাঁদপুর শহিদ মিনার চত্বর, শপথ চত্বর, ইলিশ চত্বর, চিত্রলেখার মোড়/সড়ক দ্বীপ, বাসস্ট্যান্ডসহ অন্যান্য সড়কে বাংলাসহ অন্যান্য দেশের ভাষার বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ।
১৮-২১ ফেব্রুয়ারি, ২০২৬ (সুবিধাজনক সময়ে) সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক/শিক্ষিকাগণ নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির আদলে দিবসটি উদ্যাপনের ব্যবস্থা গ্রহণ করবেন। ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (সুবিধাজনক সময়ে) ভাষ্য শহিদদের রুহের মাগফেরাত কামনা করে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে আয়োজন।
২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়াম আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারী চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।



