
ইব্রাহিম খান : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রবাসীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের একাধিক তালা ও আলমারি ভেঙ্গে নগদ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ থানাধীন ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে।
ভুক্তভোগী শাহিনা বেগম (৩০) জানান, গত ৬ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ি থেকে খালার বাড়িতে বেড়াতে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকায় চোরচক্র এ সুযোগ নেয়।পরদিন ৭ ফেব্রুয়ারি সকালে স্থানীয়রা বাড়ির তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানালে শাহিনা বেগম বাড়িতে ফিরে আসেন। পরে তিনি দেখতে পান ঘরের বিতরে আলমারির তালা ভাঙ্গা এবং বসতঘরের একাধিক কক্ষের তালা ভেঙ্গে আলমারি তছনছ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আলমারি থেকে নগদ ৬০ হাজার টাকা ছাড়াও প্রায় ২৪ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ২ দশমিক ৫ ভরি ওজনের একটি স্বর্ণের গলার হার, ৩ ভরি ওজনের তিনটি স্বর্ণের চেইন, ২ দশমিক ৪ ভরি ওজনের চার জোড়া কানের দুল, ১০ পিস কম্বল। এছাড়া দুটি রেডার ও প্রায় ১৫ হাজার টাকার কসমেটিকস সামগ্রীও নিয়ে গেছে চোরেরা।
ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ভুক্তভোগী শাহিনা বেগম ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।



