
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে ইউনিয়নের ইমাম ও আলেমগণকে নিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নারী ভোটের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, শন্তির ধর্ম ইসলামে আমাদের সকলের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। ইসলাম নারীদের সুরক্ষার কথা বলেছে। পর্দানসীন হয়ে নারীদের ঘরের বাইরে বের হতে বলেছে। অর্থাৎ পর্দা নিশ্চিত করে আপনি স্বাভাবিক সকল কাজই করতে পারবেন। বর্তমানে নারীরা ঘরের কাজের পাশাপাশি চাকুরি করছে, ব্যবসা করছে, শিক্ষকতা করছে, ঘরের জন্যে হাট বাজারে গিয়ে কেনাকাটা করছে। তবে ভোট কেনো দিতে পারবেন না। আমি বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি এই এলাকার পীরের অনুরোধটুকু। আমাদের মনে রাখতে হবে, ওই সময়ের ভোটের পরিবেশ, আর এখনকার ভোটের পরিবেশ এক নয়।
তিনি আরো বলেন, সরকার স্মার্ট কার্ডের মাধ্যমে সকলের ভোটার নিশ্চিত করেছেন। অর্থাৎ পূর্বের মতো একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই। একজনের স্বামী বা বাবাকে আরেকজনের স্বামী বা বাবা বানিয়ে ভোট দেয়ার দিন শেষ। এতোদিন কী হয়েছে, তা ভাববার সময় নয়। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের জন্যে আলাদা বুথ থাকবে। যেখানে পোলিং এজেন্ট থেকে শুরু করে সকল কর্মকর্তা ও কর্মচারী নারী থাকবেন। অর্থাৎ নারীরাই নারীদের ভোট নেবেন। ফলে পর্দার বরখেলাপ হওয়ার সুযোগ নেই। আশা করছি, এই ইউনিয়নের মুসলিম নারীদের পাশাপশি সনাতন ও খ্রিস্টান ধর্মাবলম্বী নারীরাও এ বছর ভোট দিতে ভোটের দিনে কেন্দ্রে গিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণভোটে অংশ নিয়ে আপনাদের রায় এবং ফরিদগঞ্জের জন্যে আগামী দিনের জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেবেন।
তাই আমি আজকের এই ইমাম ও আলেম সমাজের উপস্থিত নেতৃবৃন্দের কাছে বিনীত অনুররোধ করবো, আগামী শুক্রবার জুমার নামাজের আগে খুতবায় এই ইউনিয়নের সকল মসজিদে নারীদের ভোট প্রদানে উৎসাহিত করে বক্তব্য দিবেন।
জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যেই আমার পূর্বে তিনজন ইমাম ও আলেম বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে স্পষ্ট বলে দিয়েছেন, ইসলামের কোথাও নারীদের ভোট প্রদানে বাধা নেই। তাই খুতবায় আপনারা সকল পুরুষদের তাদের ঘরের নারী সদস্যদের ভোট প্রদানের উদ্বুদ্ধ করতে অনুরোধ করবেন। আমি বিশ্বাস করি, সারা বাংলাদেশ ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীদের ভোট নিয়ে এতোদিনের চলমান অচলাবস্থা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় দূর হবে। উন্মোচিত হবে ভোট প্রদানের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের কার্যক্রম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক সেলিম সরকার, ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) আমজাদ ইসলাম, স্থানীয় ইমাম মোক্তার হোসেন, এ কে এম আবু তাহেরসহ বেশ ক’জন।



