কচুয়ায় যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্ত রাখতে পুলিশের অভিযান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: কচুয়া বাজারে যানজট মুক্ত ও সড়কগুলোতে অবৈধ পার্কিং-ফুটপাত দখল মুক্ত করতে অভিযান শুরু করেছে কচুয়া থানার পুলিশ।

গতকাল শনিবার বিকেলে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে কচুয়া বাজার পরিচালনা কমিটি, রাজনৈতিক ও বাজারের ব্যবসায়ীদেরকে নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় বাজারে অবৈধ টং দোকান, চলাচলের রাস্তা উন্মুক্ত, নির্দিষ্ট স্থানে অটোরিকশা ও সিএনজি স্টেশন রাখার নির্দেশনা প্রদান করা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, কচুয়া বাজারের মেন সড়ক, পল্টন ময়দান, ধানবাজার সহ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন, চলাচলের রাস্তা উন্মুক্ত ও অবৈধ টং দোকান দিয়ে রাস্তার দখল করাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, সড়কের দুই পার্শে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে লোকজন ফুটপাত দিয়ে চলাচল করতে পারেনা। ফলে মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয় ফলে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না।

এসময় কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি তরিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, পৌর জামায়াতের আমির জাকির উল্লাহ শাজুলী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর